মুক্তিতে বাধা নেই সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর, ১০ মামলায় আপিল বিভাগেও জামিন

হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০ মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী–এর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
রবিবার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এ আদেশ দেন।
আদালতে আইভীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু।
এর আগে গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পরবর্তীতে হাইকোর্ট পাঁচটি মামলায় তাকে জামিন দিলেও আপিল বিভাগে সেই আদেশ স্থগিত হয়ে যায়। এর মধ্যে গত ১৮ নভেম্বর আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পরে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি ১০ মামলায় আইভীকে জামিন দেন। সেই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলেও তা খারিজ করে দিয়েছেন আদালত।
এর ফলে সাবেক এই মেয়রের কারামুক্তির পথে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
(ঢাকাটাইমস/১০ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































