পলকের ঘাড়ে ডিস্ক সমস্যা, কোমরের তিনটি হাড় সরে যাওয়ার দাবি আইনজীবীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৬, ১৭:৪৬
অ- অ+

প্রিজন ভ্যানে দুর্ঘটনায় আহত সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এমআরআই প্রতিবেদনে ঘাড় ও কোমরে গুরুতর সমস্যার তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় তিনি আঘাতপ্রাপ্ত হন বলে জানিয়েছেন তার আইনজীবী।

মঙ্গলবার পলকের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার পর আদালতে আবেদনের প্রেক্ষিতে কারা কর্তৃপক্ষের নির্দেশে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পলকের এমআরআই করা হয়। মঙ্গলবার সেই প্রতিবেদন হাতে পেয়েছেন তারা।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, প্রতিবেদনে দেখা গেছে, পলকের কোমরের তিনটা হাড় যথাক্রমে এল-২, এল-৩ ও এল-৪ সরে গেছে। এছাড়া ঘাড়ে দুটি হাড়ে সমস্যা ধরা পড়েছে। এর মধ্যে ঘাড়ের সি৫-সি৬ এর ভেতর একটি ও সি৬-সি৭ এর ভেতর ডিস্কে সমস্যা দেখা গেছে।

তরিকুল ইসলাম আরও বলেন, পলক আগে থেকেই অসুস্থ ছিলেন। গত শনিবার কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করি। তিনি ঠিকমতো ঘাড় নাড়াতে পারছিলেন না। এমআরআই প্রতিবেদনে ঘাড় ও কোমরের সমস্যার বিষয়টি স্পষ্ট হলেও এখন পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে না।

তিনি জানান, পলকের সুচিকিৎসা নিশ্চিত করতে আদালতে আবেদন করা হবে।

প্রিজনভ্যান দুর্ঘটনার বিষয়ে সন্দেহ প্রকাশ করে এই আইনজীবী বলেন, এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনও ঘটনা— তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনও তদন্ত কমিটিও গঠন করা হয়নি।

এর আগে গত ২৮ এপ্রিল পলকের আরেক আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী দাবি করেছিলেন, গত ১৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় জুনাইদ আহমেদ পলকের হাজিরা ছিল। শুনানি শেষে প্রিজন ভ্যানে করে কারাগারে যাওয়ার পথে আরেকটি গাড়ির ধাক্কা লাগে। তিনি প্রিজন ভ্যানের মধ্যে পড়ে যান এবং ঘাড়ে আঘাত পান। পলক এমআরআই করাতে চান। এজন্য আদালতে আবেদন করতে বলেছেন।

এ বক্তব্য সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পর কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন ও মিডিয়া) জান্নাত-উল ফরহাদ এক বিবৃতিতে দাবি করেছিলেন, তবে প্রিজন ভ্যান কোনো দুর্ঘটনায় পড়েনি।

তিনি সেদিন বলেছিলেন, ‘প্রকৃত বিষয় হল’ ১৯ এপ্রিলে প্রিজন ভ্যান পোস্তগোলা ব্রিজ থেকে নিচে নামার সময় হার্ড ব্রেক করার কারণে ভেতরে থাকা চারজন ডিভিশনবন্দির মধ্যে জুনাইদ আহমেদ পলক নিজেকে সামলাতে না পেরে অপরবন্দি ফজলে করিম চৌধুরীর সঙ্গে ধাক্কা খান। এতে তিনি ঘাড়ে ‘সামান্য ব্যথা’ পান। এ বিষয়ে এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি ।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ একটি মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। গত বুধবার থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইরাকের ক্ষতি ৬ হাজার কোটি ডলার
অভিজিৎ দীপকে আবারও আটক