নাভারণে আত্মগোপন থেকে এলাকায় ফিরছে আ.লীগের শীর্ষ সন্ত্রাসীরা! আতঙ্ক

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণে স্থানীয় বিএনপির নেতাদের সহায়তায় এলাকায় ফিরতে শুরু করেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের আত্মগোপনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা । গত এক সপ্তাহে কাশেম শিকদার, কামাল হোসেনসহ অন্য সন্ত্রাসীরা নিজ নিজ এলাকায় ফিরে আগের মতো তাদের কার্যক্রম শুরু করেছে।
তবে, এসব সন্ত্রাসীর এলাকায় ফেরা নিয়ে কোনো তথ্য নেই পুলিশের কাছে। আর তাতে বিএনপি-জামায়াতসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় রাজনৈতিক সূত্র জানায়, ঝিকরগাছার ইসলামপুর গ্রামের বিএনপি নেতা কাশেম ও নাভারণ বাজার এলাকার বিএনপির এক শীর্ষ নেতার প্রশ্রয়ে এলাকায় অবস্থান করছে নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কাশেম শিকদার, একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন। তারা এলাকায় শীর্ষ সন্ত্রাসী বলে পরিচিত।
বিএনপির তৃণমূলের একাধিক নেতাকর্মী জানান, কাশেম শিকদার ও কামাল হোসেনসহ আরও বেশ কয়েকজন সন্ত্রাসীর ফিরে আসার ঘটনায় চাপা উত্তেজনা বিরাজ করছে বিগত সরকারের আমলে নির্যাতন, হামলা-মামলা ও চাঁদাবাজির শিকার স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মাঝে।
জানা গেছে, আত্মগোপন থেকে বেরিয়ে আসা রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের আওয়ামী লীগ নেতা কাশেম শিকদার ও তার বড় ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী ইয়াসিন শিকদার ও ছোট ছেলে (নাশকতা মামলায় বর্তমানে জামিনে) যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান শিকদার ও তাদের সহযোগী একই গ্রামের আলী হোসেনের ছেলে আওয়ামী লীগ কর্মী আলাল উদ্দিন প্রায়ই এলাকায় মহড়া দিচ্ছেন।
নাভারণ ইউনিয়ন বিএনপির নেতা হারুনর রশিদ বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দুর্ধর্ষ সন্ত্রাসী কামাল হোসেন ও হান্নু আমার কাছ থেকে মাছের ঘের কাটার ২ লাখ ৮০ হাজার টাকা নিয়েছে। তারা এখন গ্রামের বিএনপির নেতাদের অর্থ দিয়ে ম্যানেজ করে এলাকায় ফিরে এসেছে।’
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন নেতা বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শীর্ষ সন্ত্রাসী কাশেম শিকদার ও কামাল হোসেনের বিরুদ্ধে সালিশ বাণিজ্য, জমি দখল, চাঁদাবাজি, বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়াসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তাদের ভয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর বাড়িছাড়া ছিল এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও নিঃস্ব হয়েছে। অথচ বিএনপির নেতাদের সহায়তায় এসব সন্ত্রাসী এলাকায় ফিরে আসলো! অনেক কষ্টে মাঝে মাঝে মনে হয় রাজনীতি ছেড়ে দিই।’
এলাকায় অবস্থান করার কথা জানিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন বলেন, ‘স্থানীয় বিএনপির নেতাদের ম্যানেজ করে আমি এলাকায় ফিরে এসেছি। এখন আর আমার কোনো সমস্যা নেই।’
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল বলেন, খুব শিগগির এসব সন্ত্রাসীর বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান শুরু হবে। ঝিকরগাছায় কোনো সন্ত্রাসীর জায়গা হবে না।
(ঢাকাটাইমস/১২মে/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































