কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা মহিউদ্দিন ও রনি।
আজ রবিবার (২৪ মে) বেলা ১১টার দিকে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার একটি মামলায় হাজিরা দিতে সহযোগীদের নিয়ে আদালতে আসেন। হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ ওঠে।
হঠাৎ গোলাগুলির ঘটনায় আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চত্বরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। লিয়াকত আলী সরে গেলে গুলিটি পাশে থাকা এক ব্যক্তির শরীরে বিদ্ধ হয়। তাকে গুরুতর অবস্থায় উদ্ধারের পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান গণমাধ্যমকে জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৪ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































