হামে শিশু মৃত্যুর ঘটনায় ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৬, ১২:৩২
অ- অ+

হাম-রুবেলা টিকা ব্যবস্থাপনায় অবহেলা ও সংকট সৃষ্টি করে শিশু মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

আজ সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে মামলাটি করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল। আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার আবেদন জমা হয়েছে; তবে এখনো শুনানি হয়নি।

আবেদনে ড. ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত অবস্থায় সংশ্লিষ্টরা হামের ভ্যাকসিন যথাসময়ে আমদানি ও সরবরাহে অবহেলা করেছেন এবং উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্তের কারণে দেশে টিকা সংকট সৃষ্টি হয়েছে। এর ফলে ব্যাপক হারে শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যু ও স্বাস্থ্যঝুঁকির শিকার হয়েছে বলে দাবি করা হয়।

আবেদনে উল্লেখ করা হয়, ইউনিসেফের মাধ্যমে দীর্ঘদিন ধরে বাংলাদেশে হাম-রুবেলা টিকা সরবরাহ করা হলেও পরবর্তীতে সেই প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়। এতে টিকা সরবরাহে বিলম্ব ঘটে এবং বিকল্প পদ্ধতির দীর্ঘ প্রক্রিয়ার কারণে সংকট আরও তীব্র হয়।

অভিযোগে আরও বলা হয়, নির্দিষ্ট সময়ে পর্যাপ্ত টিকা না পাওয়ায় দেশে ব্যাপকভাবে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত সময়ে ৭৫ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং প্রায় ৬১০ জন শিশুর মৃত্যুর ঘটনা ঘটে বলে আবেদনে দাবি করা হয়।

আবেদনকারী পক্ষের দাবি, বিষয়টি নিয়ে আগেই সতর্কবার্তা দেওয়া হলেও তা উপেক্ষা করা হয়, ফলে শিশুদের জীবন ঝুঁকিতে পড়ে এবং রাষ্ট্রীয়ভাবে বড় ধরনের ক্ষতি হয়।

আবেদনে আসামিদের বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে। আদালত এখন এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করবেন।

(ঢাকাটাইমস/৮ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়লো
ইসরায়েলে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
ব্রিটিশ ও চীনা প্রতিনিধি দলের সম্মানে ইএটিএল ইনোভেশন হাবের নৈশভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত
মূল্যস্ফীতির বিরুদ্ধে যুদ্ধ: রোগের চিকিৎসা, নাকি উপসর্গের ব্যবস্থাপনা?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা