হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা ব্যবস্থাপনায় ব্যর্থতা ও শিশু মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন খারিজ করেছেন আদালত।
আজ সোমবার (৮ জুন) দুপুরে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মামলাটি খারিজের আদেশ দেন।
এর আগে সকালে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল আদালতে এ মামলা দায়েরের আবেদন করেন।
মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ড. ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবু জাফরকে আসামি করা হয়।
আবেদনে অভিযোগ করা হয়, হামের টিকা সংকট এবং চিকিৎসা ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার কারণে দেশে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। টিকা সংগ্রহ ও আমদানি প্রক্রিয়ায় বিলম্ব এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার ফলে পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করা হয়।
মামলার আবেদনকারী শেখ মজিবুর রহমান ইকবাল সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের অবহেলা এবং টিকা আমদানিতে জটিলতার কারণে বিদেশি ভ্যাকসিন সংগ্রহে বিঘ্ন ঘটে। পরে টেন্ডার প্রক্রিয়াতেও বিলম্ব হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় হাম ছড়িয়ে পড়ে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় দায়ীদের শাস্তির আওতায় আনা এবং ভবিষ্যতে কোনো সরকার যাতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে অবহেলা না করতে পারে, সে লক্ষ্যেই মামলার আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০ মে হামের টিকা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে ইউনিসেফ-এর বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান, টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে অন্তত ১০ বার সতর্ক করেছিল ইউনিসেফ। এ বিষয়ে পাঁচটি চিঠিও দেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। তবে সে সময় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।
(ঢাকাটাইমস/৮ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































