‘ইরানে হামলায় আমাদের ভূখণ্ড ব্যবহার হয়নি’—কুয়েত

ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে কুয়েত।
দেশটি বলেছে, ইরানে হামলার উদ্দেশ্যে তাদের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ব্যবহারের অনুমতি কাউকে দেওয়া হয়নি। রবিবার কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা এ তথ্য জানিয়েছে।
মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় কুয়েত ও বাহরাইন গোপনে বিমান হামলা চালায়।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি মাসের শুরুতে ইরানের কয়েকটি সামরিক স্থাপনা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গুদাম লক্ষ্য করে এসব হামলা পরিচালিত হয়। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত গোয়েন্দা তথ্য দিয়ে এ অভিযানে সহায়তা করেছে বলেও দাবি করা হয়।
প্রতিবেদনের পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত শেখা আল-জেইন আল-সাবাহ দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর সম্পাদকীয় বোর্ডের কাছে একটি চিঠি পাঠান। সেখানে তিনি প্রতিবেদনের দাবিগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন।
চিঠিতে রাষ্ট্রদূত বলেন, কুয়েত কোনোভাবেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেয়নি। একই সঙ্গে আক্রমণাত্মক কোনো সামরিক অভিযানের জন্য কুয়েতের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ব্যবহারের অনুমতিও কোনো পক্ষকে দেওয়া হয়নি।
এদিকে, ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ কুনার বরাতে জানিয়েছে, কুয়েত প্রকাশিত প্রতিবেদনের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে। তবে এ বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































