যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিরতির জবাবে পাল্টা হামলা বন্ধ করল ইরান

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৩| আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৪
অ- অ+

যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিমান হামলা বন্ধ রাখলে তেহরানও পালটা সামরিক অভিযান চালাবে না বলে জানিয়েছে ইরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটি।

আলজাজিরা ও রয়টার্সের খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, অতীতে আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করলেও বর্তমানে মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, টানা ১৩ রাত বিমান হামলা চালানোর পর গত শুক্রবার রাতে অভিযান সাময়িকভাবে স্থগিত করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এরপর শনিবার ও রোববার নতুন কোনো মার্কিন হামলার খবর পাওয়া যায়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা প্রতিবেশী দেশগুলোতেও কোনো জবাবি হামলা চালায়নি ইরান।

নাম প্রকাশ না করার শর্তে ইরানের এক কর্মকর্তা বলেন, ‘আমাদের নীতি স্পষ্ট—হামলার জবাব হামলা। তবে হামলা বন্ধ হলে ইরানও অভিযান বন্ধ রাখবে। এই বার্তা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে।’

এদিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার সুযোগ দিতে সাময়িকভাবে হামলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য, আলোচনার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করতেই এই বিরতি দেওয়া হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ইরানের বিরুদ্ধে প্রায় দুই সপ্তাহের অভিযানে পূর্বনির্ধারিত অধিকাংশ লক্ষ্যবস্তুতে হামলা শেষ হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন প্রেসিডেন্ট ট্রাম্পকে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ইরানের এক জ্যেষ্ঠ সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের হামলা বন্ধের সিদ্ধান্তকে তেহরান এখনো স্থায়ী নীতিগত পরিবর্তন হিসেবে দেখছে না। তাদের মতে, এটি প্রকৃত যুদ্ধবিরতির ইঙ্গিত নয়; বরং একটি কৌশলগত বিরতি হতে পারে। ফলে ইরানের নীতিনির্ধারকদের মধ্যে আশার চেয়ে সংশয়ই বেশি।

এর আগে হরমুজ প্রণালিতে নৌ চলাচলকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালানোর ঘোষণা দেয়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় কয়েকটি দেশে অবস্থিত পানি লবণমুক্তকরণ স্থাপনায় হামলা চালায়। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায় এই অঞ্চলের উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারেও উদ্বেগ সৃষ্টি করেছে।

যদিও উভয় পক্ষ আপাতত হামলা স্থগিত রেখেছে, তবু পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। তেহরানের এক ব্যবসায়ী রয়টার্সকে বলেন, “দেশের সবাই অনিশ্চয়তার মধ্যে রয়েছে। যুদ্ধ শেষও হচ্ছে না, আবার পুরোপুরি এগোচ্ছেও না। এই পরিস্থিতি খুবই ক্লান্তিকর।”

(ঢাকাটাইমস/২৭ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বন্যার বিরতি কাটিয়ে আজ থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা
দেশের ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
গ্যাস-সংকটে নাকাল দেশ, ভোগান্তিতে নগরবাসী
ঢাকা-নারিতা রুট পুনরায় চালু, বন্ধের প্রশ্নই আসে না: বিমানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা