খাদ্যনালীর জটিল রোগে আক্রান্ত হাফেজি শিক্ষার্থী ইব্রাহিম, চিকিৎসায় প্রয়োজন ১ লাখ টাকা

মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের ১৫ বছর বয়সী হাফেজি শিক্ষার্থী মো. ইব্রাহিম মোল্লা জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। খাদ্যনালীর সমস্যার কারণে তার দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন বলে চিকিৎসক জানিয়েছেন। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব না হওয়ায় সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা চেয়েছে তার পরিবার।
ইব্রাহিম শ্রীরামপুর হাজি গয়রাতিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী। অল্প বয়সেই তিনি পবিত্র কোরআনের আট পারা মুখস্থ করে শিক্ষক ও এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে ইব্রাহিম তীব্র পেটব্যথা ও খাবার গিলতে সমস্যায় ভুগছিল। পরে তাকে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান চিকিৎসক ডা. জাহিদুর রহমানের কাছে নেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, তার খাদ্যনালীতে জটিলতা তৈরি হয়েছে এবং দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ঝিনাইদহের আল-ফালাহ হাসপাতালে অস্ত্রোপচার করাতে হবে। এতে প্রায় এক লাখ টাকা ব্যয় হবে বলে পরিবারকে জানানো হয়েছে।
ইব্রাহিমের বাবা তাজুল মোল্লা একজন দিনমজুর। একমাত্র ছেলের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে তিনি হিমশিম খাচ্ছেন।
মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা বলেন, ইব্রাহিম অত্যন্ত মেধাবী, বিনয়ী ও ধর্মপ্রাণ একজন শিক্ষার্থী। অর্থের অভাবে তার চিকিৎসা ব্যাহত হলে একটি সম্ভাবনাময় জীবন ঝুঁকির মুখে পড়বে।
ইব্রাহিমের পরিবার সরকারের সংশ্লিষ্ট দপ্তর, সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসী বাংলাদেশিদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে। একই সঙ্গে তারা দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
সহায়তা পাঠানোর জন্য যোগাযোগ করা যাবে ইব্রাহিমের বড় ভাই ফিরোজ মোল্যার সঙ্গে। বিকাশ ও নগদ নম্বর: ০১৭৩৯-৪৯৩৭৯৬।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































