ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবন থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে র্যাব-১১। এ সময় একটি ম্যাগাজিন, চারটি সিসি ক্যামেরা, দুটি গুলতি ও একটি হ্যান্ড মাইকও উদ্ধার করা হয়েছে।
রবিবার র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-১১ জানিয়েছে, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাবের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর সিপিএসসি কোম্পানির একটি দল কাঠেরপুল এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালায়। এ সময় ওই এলাকায় ছিনতাই ও মাদকের স্পট হিসেবে পরিচিত স্থান থেকে কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
পরে নির্মাণাধীন ভবনটিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি সিসি ক্যামেরা, দুটি গুলতি ও একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানায়, উদ্ধার করা পিস্তলটি জুলাই গণঅভ্যুত্থানের সময় একটি থানা থেকে লুট হওয়া অস্ত্র। তবে কোন থানা থেকে অস্ত্রটি লুট হয়েছিল, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।
উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































