রংপুরে তালাবদ্ধ ঘরে মিলল একই পরিবারের ৪ জনের মরদেহ

রংপুরের মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে বাড়িটির তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের।
নিহতরা হলেন—গণপতি চক্রবর্তী (জুয়েল) (৬৫), প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), প্রার্থী চক্রবর্তী (২৫) ও প্রীয়ম চক্রবর্তী (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক গণপতি চক্রবর্তী জিলা স্কুল থেকে অবসরে যাওয়ার পর রংপুরের সমবায় মার্কেটে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।
এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার থেকে ওই বাড়ি থেকে পরিবারের কোনো সদস্যকে বাইরে বের হতে দেখা যায়নি এবং বাড়িটিতে কোনো আলোও জ্বলছিল না। দীর্ঘ সময় ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় থাকায় এবং কোনো সাড়াশব্দ না পাওয়ায় স্থানীয়দের মনে গভীর সন্দেহ জাগে। পরে শনিবার রাতে বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানানো হলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখে। প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যা করার পর ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে গেছে।
শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পুরো পরিবারকে এভাবে হারানোর খবর ছড়িয়ে পড়লে রংপুরের শিক্ষাঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের পাশাপাশি তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার চেয়ে শত শত মানুষ পোস্ট করছেন।
রংপুর কোতোয়ালি থানা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড বা ডাকাতি বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। ঘটনার পেছনের মূল রহস্য এবং খুনিদের চিহ্নিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে নেমেছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহগুলোর ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
(ঢাকা টাইমস/২৩আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































