লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে আফাজ উদ্দিন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে মো. হবিবর রহমান ওরফে গোদা (৪০) নামে এক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক এস এম শফিকুল ইসলাম জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হবিবর রহমান পাটগ্রাম উপজেলার উফারমারা (প্রধানপাড়া) গ্রামের মো. আছির উদ্দিন ওরফে কাল্টার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ মার্চ রাতে পাটগ্রাম উপজেলার রহমানপুর এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই দিন রাতে নিহত আফাজ উদ্দিন স্থানীয় বাজার থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কাঁচা রাস্তার ওপর আগে থেকেই ওত পেতে থাকা আসামি হবিবর রহমান তাঁর ওপর আকস্মিক হামলা চালান। তিনি ধারালো ছোরা দিয়ে আফাজ উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।
আহত আফাজ উদ্দিনের চিৎকার জন্য পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আফাজ উদ্দিন মৃত্যুবরণ করেন।
ঘটনার পর নিহতের ভাই মো. রমজান আলী বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত কার্যক্রম শেষ করে আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও প্রয়োজনীয় সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রোসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শামসুল আলম মিলন সন্তোষ প্রকাশ করে জানান, "এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। সমাজে অপরাধ প্রবণতা কমাতে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।"
তিনি আরও জানান, ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে আসামির এই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
(ঢাকা টাইমস/১৬সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











