জামালপুরে পৃথক দুই মামলায় ২ জনের যাবজ্জীবন

জামালপুরে পৃথক ধর্ষণ ও অপহরণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, সদর থানার স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় আলামিন ও সাইদুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আলামিনকে ৩ লাখ এবং সাইদুর রহমানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, দেওয়ানগঞ্জ থানার নাবালিকা অপহরণ মামলায় ১৪ বছর বয়সী আসামি স্বাধীনকে শিশু আইনে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।
এছাড়া ইসলামপুর থানার অপহরণ মামলায় শ্রী জয় দাসকে পৃথক দুই ধারায় ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
(ঢাকা টাইমস/২৩সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













