৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৫ হাজার

৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে মোট ৫ হাজার জন নিয়োগ দেওয়া হবে।
এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে।
বুধবার পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আগামী ১ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা। সার্ভিস চার্জসহ পরীক্ষার ফি ২০৫ টাকা।
এবারের লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। দুই ঘণ্টার পরীক্ষায় মোট ২০০ নম্বরের প্রশ্ন থাকবে। পরীক্ষা নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
লিখিত পরীক্ষায় সাতটি বিষয়ের ওপর প্রশ্ন থাকবে। ২০০টি প্রশ্নের প্রতিটির সঠিক উত্তরের জন্য এক নম্বর পাওয়া যাবে। ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় পাস নম্বর কমিশন পরে নির্ধারণ করবে।
উত্তরপত্র পূরণের ক্ষেত্রেও প্রার্থীদের সতর্ক থাকতে বলা হয়েছে। রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লেখা, নির্ধারিত স্থানে বৃত্ত সঠিকভাবে পূরণ না করা কিংবা উত্তরপত্রে কাটাকাটি করলে প্রার্থিতা বাতিল হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষা মূলত ঢাকায় অনুষ্ঠিত হবে। তবে প্রার্থীর সংখ্যা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার বাইরে অন্য কেন্দ্রেও পরীক্ষা নেওয়া হতে পারে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













