শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ ৩ জন আটক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৩৯| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪৮
অ- অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩৯৭ দশমিক ৭ গ্রাম স্বর্ণালংকার, আটটি মুঠোফোন ও তিনটি ল্যাপটপসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে বিমানবন্দরের বহুতল কার-পার্কিংয়ের নিচতলা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন– রাবিয়া বেগম (৪৮), আকাশ আহমেদ (৩৫) ও মো. জলিল (৪৬)।

এয়ারপোর্ট এপিবিএন জানায়, ওই তিনজনকে কার-পার্কিং এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাঁদের আটক করেন। পরে তাঁদের দেহ তল্লাশি করে ২২ ক্যারেটের ৩৯৭ দশমিক ৭ গ্রাম স্বর্ণালংকার, আটটি মুঠোফোন ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, উদ্ধার করা স্বর্ণালংকার, মুঠোফোন ও ল্যাপটপ বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে। এগুলো চোরাচালানের উদ্দেশ্যে আনা হয়েছিল বলেও তাঁদের জিজ্ঞাসাবাদে জানা গেছে বলে দাবি করেছে পুলিশ।

এয়ারপোর্ট এপিবিএনের ভাষ্য, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত।

এ ঘটনায় বৃহস্পতিবার বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশের অভিযোগ, আটক ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় অবৈধভাবে স্বর্ণ এনে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়েছেন। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ও ২৫-ডি ধারায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, বিমানবন্দর এলাকায় অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে এয়ারপোর্ট এপিবিএন সক্রিয়ভাবে কাজ করছে। মাদক ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি পেয়ে বিদায়, ইকবাল হোসেনকে সংবর্ধনা ঢাকা রেঞ্জ পুলিশের
মালয়েশিয়া যেতে আগ্রহীদের জন্য জরুরি সতর্কবার্তা
মগবাজারে ফ্যানের সঙ্গে ঝুলছিল তরুণীর ঝুলন্ত মরদেহ
মৃত্যুদণ্ড-যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ডিআইজি-এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত