পদোন্নতি পেয়ে বিদায়, ইকবাল হোসেনকে সংবর্ধনা ঢাকা রেঞ্জ পুলিশের

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ায় ঢাকা রেঞ্জের বিদায়ী ডিআইজি মো. ইকবাল হোসেনকে বিদায় সংবর্ধনা দিয়েছে ঢাকা রেঞ্জ পুলিশ।
বৃহস্পতিবার ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে তাঁর সম্মানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল এবং পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাঃ কাজেম উদ্দীন বিদায়ী ডিআইজি ইকবাল হোসেনের কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। তাঁরা তাঁর সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরেন।
ঢাকা রেঞ্জের বর্তমান ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বিদায়ী ডিআইজির দায়িত্ব পালন ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন। পরে ঢাকা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে তিনি ইকবাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
বিদায়ী ডিআইজি মো. ইকবাল হোসেন তাঁর কর্মকালীন সময়ে সহযোগিতার জন্য ঢাকা রেঞ্জের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে র্যাপিড রেসপন্স ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) রুমানা আক্তার, পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) মো. সিদ্দিকুর রহমানসহ রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকা রেঞ্জের অধীন ১৩ জেলার পুলিশ সুপার এবং বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













