জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগ নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহিনুর রহমান তালুকদার।
গ্রেপ্তারকৃত রবিউল হাসান সোহাগ জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রশিদপুর চৌরাস্তা এলাকার আলতাফ আলীর মেম্বারের ছেলে।
তিনি রশিদপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর (শনিবার) রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস দল অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ তাকে আটক করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, রবিউল হাসান সোহাগ দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন এবং এলাকায় একটি চোরচক্র পরিচালনা করতেন।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহিনুর রহমান তালুকদার জানান, তার রাজনৈতিক পরিচয় জানা যায়নি। আটককৃত সোহাগকে জিজ্ঞাসাবাদ করে সকল আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
(ঢাকা টাইমস/২৭সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













