কিশোরগঞ্জে প্রবীণ সাংবাদিক সুবীর বসাক আর নেই

প্রখ্যাত ছড়াকার, চারণ সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, দৈনিক আমাদের সময়ে নিয়মিত ছড়া লেখক সুবীর বসাক (৭০) পরলোকগমন করেছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সুবীর বসাকের মৃত্যুতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহীন খান, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এ কে নাছিম খাঁন, সহসভাপতি শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী,সহ সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী,কোষাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি, কার্যকরী কমিটির সদস্য শামসুল আলম সেলিম,আমিনুল হক সাদী, এড শাহ আশরাফ উদ্দিন দুলাল, কাউসার টিটুসহ কিশোরগঞ্জ সাংবাদিক সমাজ কাহত।
তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সুবীর বসাক প্রায় অর্ধশতাব্দী ধরে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রথমে মহকুমা এবং পরে জেলা প্রতিনিধি হিসেবে মৃত্যুর পূর্ব পর্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। এ ছাড়া তিনি ইতোপূর্বে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সমকালীন ছড়াকার হিসেবে দেশ-বিদেশে সুনাম কুড়িয়েছেন। রয়েছে অসংখ্য সম্মাননা পুরস্কার।
(ঢাকা টাইমস/২নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











