কোথায় নেইমার জুনিয়র?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৬, ১৬:৪০
অ- অ+

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকলেও এখনো জাতীয় দলের ক্যাম্পে যোগ দেননি ৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। সর্বশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তার না খেলার বিষয়টি আগেই নিশ্চিত ছিল, যার কারণে দলের সঙ্গে ওহিও’র ক্লিভল্যান্ডেও যাননি তিনি।

আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে, তবে সেই ম্যাচে নেইমারের খেলা নিয়ে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা।

গত মে মাসের মাঝামাঝিতে সান্তোসের হয়ে খেলার সময় মাংসপেশির ‘গ্রেড টু’ ইনজুরিতে পড়েন নেইমার। বিশ্বকাপ শুরুর আগে তিনি সেরে উঠবেন, এমন আশাবাদ থেকেই তাকে স্কোয়াডে রেখেছিলেন ব্রাজিলের অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, এখনো পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যে থাকা ও অনুশীলনে যোগ না দেওয়ায় আগামী ১৪ জুন নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচটি মিস করতে পারেন নেইমার। শুধু প্রথম ম্যাচই নয়, গ্রুপ পর্বে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে বাকি ম্যাচগুলোতেও এই তারকা ফরোয়ার্ড কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, তার কোনো নিশ্চয়তা মেলেনি।

এদিকে কোচের জন্মদিনেও নেইমারের অনুপস্থিতি দলের ভেতর এক ধরনের রহস্য তৈরি করেছে। গত বুধবার ক্যাম্পের ভেতর বেশ সংযত ও আনন্দঘন পরিবেশে আনচেলত্তির ৬৭তম জন্মদিন পালন করেছে ব্রাজিলের ফুটবলাররা। কোচের জন্মদিনের উদযাপনে দলের সবাই অংশ নিলেও কেন নেইমার সেখানে ছিলেন না, তা নিয়ে অবশ্য কথা বলেননি সতীর্থ বা দলের কোচিং স্টাফের কেউই।

তবে নেইমারকে টুর্নামেন্টের শুরুতে পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও ব্রাজিলের স্কোয়াড নিয়ে বেশ আশাবাদী দেশটির সাবেক তারকারা। ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য জিনহো এবং জনপ্রিয় রেডিও ধারাভাষ্যকার বেঞ্জামিন ব্যাক মনে করেন, আনচেলত্তির অধীনে এই তরুণ দলটির এবার হেক্সা জয়ের ভালো সুযোগ আছে। এখন দেখার বিষয়, নেইমারবিহীন ব্রাজিল মরক্কো বধ দিয়ে বিশ্বকাপে তাদের মিশন সফলভাবে শুরু করতে পারে কি না।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রবাসীর হারানো লাগেজ খুঁজে দিল আনসার, মিলল স্বস্তি
জমির মালিকানা নিয়ে প্রবাসীদের বড় সুখবর দিলো সৌদি
তাড়াশে গৃহবধূ হত্যা মামলায় উপজেলা জামায়াত সেক্রেটারিসহ চারজন গ্রেপ্তার 
বিশ্বকাপ জিতবে কারা, ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা