এমবাপ্পের জোড়া গোল, ইরাককে ৩-০ গোলে হারালো ফ্রান্স

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২৬, ০৮:২৫
অ- অ+

ফিফা বিশ্বকাপ ২০২৬ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে ইরাককে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে দিদিয়ের দেশমের দল।

বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকলেও মাঠে ফেরার পরও নিজেদের আধিপত্য ধরে রাখে ফরাসিরা। জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

এদিন ফ্রান্সের জার্সিতে নিজের শততম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন এমবাপ্পে। মাইলফলকের ম্যাচে তিনি গোল করেন মাত্র ১৪ মিনিটেই। পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ইরাকের গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।

চলতি বিশ্বকাপে এটি এমবাপ্পের তৃতীয় গোল। আর বিশ্বকাপের ইতিহাসে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৫-তে। এর মাধ্যমে তিনি স্পর্শ করেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিওকে।

বিরতির পর খেলা পুনরায় শুরু হলে আরও ভয়ংকর হয়ে ওঠে ফ্রান্স। ম্যাচের ৫৪ মিনিটে ইরাকের ডিফেন্ডার আহমেদ কাসেমের ভুল ব্যাকপাস থেকে সুযোগ তৈরি হয়। উসমান দেম্বেলে বল পেয়ে নিজে শট না নিয়ে এমবাপ্পেকে পাস দেন। ফাঁকা জালে সহজেই বল জড়িয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন ফরাসি অধিনায়ক।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়ায় ১৬-তে। ফলে তিনি জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার সমান গোলের মালিক হন। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৮ গোল নিয়ে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি।

এরপর ৬৬ মিনিটে নিজের প্রথম বিশ্বকাপ গোলের দেখা পান উসমান দেম্বেলে। মাইকেল ওলিসের চমৎকার আক্রমণ থেকে পাওয়া বল ঠান্ডা মাথায় জালে পাঠিয়ে ব্যবধান ৩-০ করেন তিনি।

বাকি সময়ে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের সংখ্যা বাড়াতে পারেনি ফ্রান্স। শেষ পর্যন্ত ৩-০ গোলের স্বস্তিদায়ক জয় নিয়েই মাঠ ছাড়ে ইউরোপের অন্যতম শক্তিশালী দলটি।

এই জয়ের ফলে গ্রুপ পর্বে নিজেদের অবস্থান আরও মজবুত করল ফ্রান্স। পরবর্তী রাউন্ডে ওঠার লড়াইয়ে দারুণ ছন্দে রয়েছে দেশমের শিষ্যরা।

(ঢাকাটাইমস/২৩ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল কিনছে সরকার
জনস্বাস্থ্য সুরক্ষার্থে বাজেটে তামাকপণ্যের মূল্য বৃদ্ধিসহ তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার বদ্ধপরিকর: জিয়াউদ্দিন হায়দার
প্রবাসীর হারানো লাগেজ খুঁজে দিল আনসার, মিলল স্বস্তি
জমির মালিকানা নিয়ে প্রবাসীদের বড় সুখবর দিলো সৌদি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা