কাফন মাথায় দিয়ে ভোটকেন্দ্রে যাবেন বুলবুল!

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, এই নির্বাচন তাদের কাছে একটি আন্দোলন। সেই আন্দোলনে সফল হতে তারা কাফনের কাপড় মাথায় দিয়েই ভোটকেন্দ্রে যাবেন।
সোমবার রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু হবে না বলে আশঙ্কা করছে বিএনপি। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর পর আওয়ামী লীগের বিরুদ্ধে নানা অভিযোগও করে আসছে দলটি। রবিবার দুপুরেও রিটার্নিং কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দেয় বিএনপি। এরপর সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রার্থী বুলবুল।
বিএনপির প্রার্থী বলেন, ‘আমরা সবার কাছে অনুরোধ করছি, রাজশাহীর ঐতিহ্য লঙ্ঘন না করে ধৈর্যের সাথে ভোটকেন্দ্রে যাবেন। এছাড়াও আমাদের আন্দোলন আগামীকাল অব্যাহত থাকবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল আমরা কাফনের কাপড় মাথায় দিয়ে ভোটকেন্দ্রে যাবো।’
বুলবুল অভিযোগ করেন, ‘আজ পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের যেসব অভিযোগ আমরা দিয়েছি তার একটিও মান্য করা হয়নি। আমরা সব নির্যাতন-জুলুম সহ্য করে এখন পর্যন্ত ধৈর্যের সঙ্গে নির্বাচনে আছি। কিন্তু সবকিছুর সীমা থাকে। প্রশাসন-পুলিশ যেভাবে আওয়ামী লীগের মতো কাজ করছে, তাতে নির্বাচন পরিস্থিতি সুষ্ঠু নয়। পুলিশ আমাদের নির্যাতন করছে।’
‘আমার ২৩-২৪ জন পোলিং এজেন্টকে খুঁজে পাচ্ছি না। অন্যদেরও নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমাদের জেলা বিএনপির সাবেক নেতা দেলওয়ারকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে পুলিশ। তাই আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দিলাম। আমরা আমাদের পোলিং এজেন্টদের নিরাপত্তা চাইলাম, মুক্তি চাইলাম।’
ধানের শীষ প্রতীকের প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু রিটার্নিং কর্মকর্তার কাছে এই অভিযোগ দাখিল করেন। এ সময় মেয়র প্রার্থী বুলবুল ছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৯জুলাই/আরআর/জেবি)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন








