এক দিনে সড়কে প্রাণ গেল ১৬ জনের, আহত ২১

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৩, ২০:৩৩
অ- অ+

সারাদেশে সড়ক দুর্ঘটনায় গত ২৪ ঘণ্টায় ১৬ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া ২১ জন আহত হয়েছেন। নয়টি দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে।

হতাহতের ঘটনায় বিস্তারিত ঢাকা টাইমসের জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে;

সাতক্ষীরা:

এ জেলার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পাটকেলঘাটার ভৈরবনগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ শিক্ষক পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফকির আহম্মেদ শাহ (৬০)।

কলেজ শিক্ষক অধ্যাপক নাজমুল হক জানান মঙ্গলবার সকালে সাতক্ষীরা থেকে মহেন্দ্র যোগে পাটকেলঘাটা কলেজে আসার পথে ভৈরব নগরমোড় নামক স্থানে খুলনাগামী একটি বাস মহেন্দ্রকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজে ভর্তি নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুর:

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের বাসচাপায় মোটরবাইক চালক মাদ্রাসার শিক্ষক জাহিদ হোসেন (২৫) ও আরোহী ছাত্র জাবের হোসেন (১৩) নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ২টার দিকে আঞ্চলিক সড়কের কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক জাহিদ শাহরাস্তি উপজেলার নোয়াগাঁও গ্রামের হাজী বাড়ীর আব্দুর রাজ্জাকের ছেলে এবং আরোহী ছাত্র জাবের হোসেন কুমিল্লার লাকসাম উপজেলার দামাতিয়া গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। লাকসাম উপজেলার মোদাফ্ফরগঞ্জ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক জাহিদ এবং ওই মাদ্রাসারই ছাত্র জাবের।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম খলিল বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। ঘাতক বাস আটক করা হয়েছে।

দিনাজপুর:

দিনাজপুরের পার্বতীপুর জংশন রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় হৃদয় শাহ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সোমবার বিকালে পার্বতীপুর-সৈয়দপুর রেলপথের রামপুরা অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটেছে বলে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আযম জানিয়েছেন।

জানা গেছে, হৃদয় শাহ (২৭) নীলফামারী সদর উপজেলার সোনারায় জয়চণ্ডী গ্রামের ঘাটেরপাড়ের স্কুল শিক্ষক মোকছেদুল ইসলামের একমাত্র ছেলে। তিনি দিনাজপুর সদর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। বছরখানেক আগে দাম্পত্য কলহের কারণে সৃষ্ট মামলায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত হন তিনি। তিনি এক পুত্র সন্তানের জনক।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আযম জানিয়েছেন, পার্বতীপুর রেলওয়ে থানা-পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টাঙ্গাইল:

টাঙ্গাইলের ঘাটাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার হরিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক ঢাকার মিরপুর এলাকার মো.আজবার আলীর ছেলে আব্দুল জলিল (৩৫)। এ ঘটনায় চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ঘাটাইল থানার এসআই সাজ্জাদ হোসাইন বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রংপুর:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলি দোয়ালীপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নীলফামারীর সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী তৃপ্তি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সাইমন পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে আরও একজনের মৃত্যু হয়। আহত আরও অনেককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ:

জেলার গফরগাঁওয়ে ড্রাম ট্রাক উল্টে অপু মিয়া (১৯) নামে এক হেলপার নিহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার ছোট আজলদী গ্রামের আব্দুর রহমানের ছেলে।

মঙ্গলবার সকালে উপজেলার পাঁচভাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের বালু মহালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গফরগাঁও-হোসেনপুর আঞ্চলিক সড়কের পাশে পাঁচভাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের বালু মহালে প্রবেশের পথে ড্রাম ট্রাক উল্টে হেলপার অপু মিয়া চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পিরোজপুর:

এ জেলায় ঢাকাগামী বাসের চাপায় দুই বোন নিহত হয়েছে। এ ঘটনায় তাদের বড় ভাই গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের আধাঝুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের ভৈরমপুর এলাকার শেখ নজরুল ইসলামের মেয়ে মুক্তা খানম (২২) ও তার ছোট বোন মারিয়া খানম (১১)। এ ঘটনায় তাদের বড় ভাই মঞ্জুরুল ইসলাম (২৫) গুরুতর আহত হয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

রাজশাহী:

জেলার কর্ণহার থানার ডাংগেরহাটে ট্রাকচাপায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহানগরীর বহরমপুর এলাকার আবু সাইদের ছেলে শাহীন (৪০), ফারুকের ছেলে সোহাগ (২৮) এবং কাশিয়াডাঙ্গা এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাকিব (২৬)।

কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পাবনা:

জেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাতে পাবনার সাঁথিয়ায় উপজেলার মাধপুর-সাঁথিয়া সড়কের বোয়াইলমারী মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের বন্দিরাম চর গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২২)। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্সের শিক্ষার্থী।

অপরজন একই গ্রামের ইউনুস আলীর ছেলে যুবরাজ (১৬)। এ বছর তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। কেউ কোনো অভিযোগ করেনি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন, ভুয়া প্রবাসী পরিচয়ে প্রতারণা; সৈয়দপুর থেকে দুইজন গ্রেপ্তার
রিজার্ভ চুরির মামলায় জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, আতিউরসহ বাংলাদেশেরই ১০ জন
সন্ত্রাসের ‘অভয়ারণ্য’ এখন মোহাম্মদপুর, আতঙ্কে বাসিন্দারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা