মুন্সিগঞ্জে
শ্যামলের পায়ে টহল পুলিশের গুলি: এক মাসের মধ্যে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ

মুন্সিগঞ্জের তরুণ শাহাদাত হোসেন শ্যামলের পায়ে টহল পুলিশের গুলির ঘটনায় এক মাসের মধ্যে তাকে অন্তর্বর্তী ক্ষতিপূরণ হিসেবে ২ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে চূড়ান্তভাবে কেন তাকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
বুধবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেয়।
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে শ্যামলের জন্য নির্ধারিত ২ লাখ টাকা পরিশোধ করতে হবে।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ১৪ মার্চ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কামারকান্দা এলাকায় একটি পুলিশ চেকপোস্টে টহল পুলিশের গুলিতে আহত হন শ্যামাল। অভিযোগ রয়েছে, কোনো সতর্কতা ছাড়াই তার পায়ে গুলি করা হয়।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান। তিনি আদালতে বলেন, কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কয়েকজন বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিলেন শ্যামল। পথে পুলিশ থামার সংকেত দিলে তারা থামেন। এরপরও এক পুলিশ সদস্য তার পায়ে গুলি করেন বলে অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পরদিন পুলিশ উল্টো শ্যামল ও তার বন্ধুদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশের সংকেত অমান্য এবং বেপরোয়া মোটরসাইকেল চালানোর অভিযোগে সিরাজদিখান থানায় মামলা করে।
আদালতের এই আদেশের পর মামলাটির পরবর্তী শুনানি ও রুল নিষ্পত্তির দিকে নজর থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































