পবিত্র আশুরা ২৬ জুন

দেশের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ১৪৪৮ হিজরি সনের মহররম মাস। সেই হিসাবে আগামী ২৬ জুন (শুক্রবার) দেশজুড়ে পালিত হবে পবিত্র আশুরা।
মহররম হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস এবং ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস। ‘মহররম’ শব্দের অর্থ সম্মানিত। অন্যদিকে আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ, আর ‘আশুরা’ বলতে মহররম মাসের দশম দিনকে বোঝায়।
ইসলামের ইতিহাসে ১০ মহররম একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। হিজরি ৬১ সনের এই দিনে কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন এবং তাঁর পরিবারের সদস্যরা শহীদ হন। কারবালার এই হৃদয়বিদারক ঘটনা মুসলিম বিশ্বের কাছে শোক ও আত্মত্যাগের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে আছে।
এ ছাড়া ইসলামের ইতিহাসে ১০ মহররমে আরও বহু গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে বলে বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ রয়েছে। এ দিন উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানদের অনেকে নফল রোজা পালন করেন এবং ইবাদত-বন্দেগিতে সময় অতিবাহিত করেন।
মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. ফজলুর রহমান। সভায় ১৪৪৮ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা শেষে মহররম মাস শুরুর ঘোষণা দেওয়া হয়।
সভায় এ সালাম খান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৭ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন









































