ভারতে ‘কাঠগোলাপ’র প্রিমিয়ার আজ

তিন ভিন্ন ভিন্ন গল্পের সমন্বয়ে নির্মাতা সাজ্জাদ খান নির্মাণ করেছেন ‘কাঠগোলাপ’ শিরোনামের সিনেমা। শনিবার সন্ধ্যায় ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য ১১তম জাগরান ফিল্ম ফেস্টিভ্যালে (জেএফএফ) সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করে নির্মাতা সাজ্জাদ খান জানান, ভারতের অন্যতম জনপ্রিয় একটি আন্তর্জাতিক সিনেমা উৎসব এটি। অত্যন্ত সুসংগঠিত একটি জুরিবোর্ডের মাধ্যমে সিনেমাগুলো প্রদর্শনীর জন্য নির্বাচিত হতে হয়। সেখানে ছবিটি নির্বাচিত হয়েছে।
ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্ট এর বান্যারে সিনেমাটি প্রযোজনা করেছেন মো. ফরমান আলী। কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন অপূর্ণ রুবেল। মূলত তিন নারীকে কেন্দ্র করে ‘কাঠগোলাপ’ সিনেমার গল্প। যেই চরিত্রগুলোতে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, কেয়া ও মেঘলা মুক্তা। এছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, জামশেদ শামীম, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু প্রমুখ।
সিনেমার প্রযোজক ফরমান আলী বলেন, 'এটা খুবই ইতিবাচক সংবাদ। আমরা চেষ্টা করবো বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতে অংশগ্রহণ করতে। সকলের সহযোগিতা পেলে অনুপ্রাণিত হবে ‘কাঠগোলাপ’ টিমের সকলে।'
এতে অভিনেত্রী কেয়া শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, 'এটি একটি ভিন্নধর্মী গল্প। চিত্রনাট্য পরে অনেক ভালো লেগেছে। যে জনগোষ্ঠীর কথা বলা হবে, গল্পে তাদের আমিও কখনো দেখিনি। সব সময় যে ধরনের গল্পে আমি কাজ করি ‘কাঠগোলাপ’ তার থেকে সম্পূর্ণ ব্যতিক্রমী। সচরাচর এ ধরনের গল্প পাওয়া যায় না।'
আরেক অভিনেত্রী দোয়েল বলেন, ‘চিত্রনাট্যটা যখন হাতে পাই, তখন পুরোটা পড়ে চমকে উঠি। এভাবেই চিন্তাভাবনা করা যায় কিংবা ভাবতে পারে কেউ—এটা মাথায় আসেনি এত দিন। কাজটা করে ভালো লাগছে।’
মেঘলা মুক্তা বলেন, 'পরিচালক সাজ্জাদের ‘সাহস’ দেখেছিলাম। ভালো লেগেছিল। তিনি যখন ‘কাঠগোলাপ’ এর চিত্রনাট্য আমাকে দিলেন। পড়ে দেখলাম এই কাজটির সঙ্গে থাকা যায়। তা ছাড়া আমি চাই সমাজে ইতিবাচক বার্তা দেবে, এমন কাজ করতে।'
উলেক্ষ্য, এর আগে সিনেমাটির পোস্টার উন্মোচন করা হয় কান চলচ্চিত্র উৎসবে। এখনো বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়নি। আজ সন্ধ্যায় ভারতের এই উৎসবে প্রথম প্রদর্শিত হবে ছবিটি।
(ঢাকাটাইমস/৫আগস্ট/এলএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













