মাদকবিরোধী আন্তর্জাতিক কর্মসূচিতে যাচ্ছেন আনোয়ার হোসেন

আন্তর্জাতিক মাদকবিরোধী কর্মসূচিতে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন ফ্রিডম ইন্টারন্যাশনাল অ্যান্টি অ্যালকোহলের প্রেসিডেন্ট ড. আনোয়ার হোসেন শাহনেওয়াজ।
শনিবার বাংলাদেশ বিমানের একটি ফ্ল্যাইটে তিনি দেশটির উদ্দেশে ঢাকা ছাড়বেন।
কর্মসূচিতে আনোয়ার হোসেন থাইল্যান্ডের তিনটি বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী অনুষ্ঠানে অংশ নেবেন। সেগুলো হলো- মাহাচাই বিশ্ববিদ্যালয়, চুলালংকরন বিশ্ববিদ্যালয় এবং মাহিদুল বিশ্ববিদ্যালয়। এসময় তিনি মাদকের ক্ষতিকর দিক ও কুফল নিয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক বক্তব্য দেবেন।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
এতে বলা হয়েছে, দেশের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক গভর্নমেন্ট রিকগনাইজ্ড অর্গানাইজেশন প্রতিভা এডুকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। যার চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন। বর্তমানে তিনি ফ্রিডম ইন্টারন্যাশনাল অ্যান্টি অ্যালকোহলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে আছেন। তিনি শনিবার থাইল্যান্ডে যাবেন। সেখানে তিনটি বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং ছাত্রছাত্রীদের মাদকের ক্ষতিকর দিকগুলো সম্বন্ধে সচেতন করবেন।
পরে আগামী ১৯ জুন দেশে ফিরবেন আনোয়ার হোসেন। মাদকমুক্ত সমাজ গড়তে আপসহীন কাজ করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিভা এডুকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি দেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক মাদকবিরোধী কর্মসূচির আয়োজন করে আসছে। যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অনুমোদিত।
শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক মাদক নিয়ে কাজ করতে গিয়ে আনোয়ার হোসেন মাদক চোরাকারবারি কর্তৃক অপহৃত হয়েছিলেন। পরে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পান।
এছাড়া করোনাকালীন সময়ে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রতিভা এডুকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেনি। এতে প্রতিষ্ঠানটির এক কোটি ৭০ লাখ লিফলেট এবং ১ কোটি স্টিকারের আঠা শুকিয়ে যায়। এতে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েন।
(ঢাকাটাইমস/১৩জুন/এসএস)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












