বাবা-মায়ের কবর জিয়ারত শেষে মনোনয়নপত্র জমা দিলেন কাজী কায়কোবাদ

বাবা-মা ও দাদা-দাদির কবর জিয়ারত শেষে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে বিএনপির মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
সোমবার দুপুর ২টায় তিনি মুরাদনগর উপজেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, কাজী কায়কোবাদের ভাই কাজী জুননুন বসরী ও কাজী শাহ আরেফীন, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমা শেষে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, “সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যেহেতু জালিম হাসিনাকে বিদায় করেছেন, আমাদেরকেও বিজয় দান করবেন ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে। নির্বাচন কমিশন তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে একটি ইসলামী দলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে ফেইক আইডি ও পেজ খুলে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে একে দুঃখজনক বলে মন্তব্য করেন কায়কোবাদ। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি সহায়ক।”
এদিকে সাবেক পাঁচবারের সংসদ সদস্য কাজী কায়কোবাদকে একনজর দেখতে উপজেলা পরিষদ চত্বরে জনতার ঢল নামে। এ সময় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সরিয়ে দিয়ে তিনি সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































