জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে সাইফুল হকের শ্রদ্ধা নিবেদন ও দোয়া

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও ঢাকা–১২ আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী সাইফুল হক বলেছেন, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়া দেশের মানুষকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন।
রবিবার বিকালে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন। এ সময় তাত আপোষহীন সংগ্রামী জীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। একই দিনে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারও জিয়ারত করে তার আত্মার মাগফিরাত কামনা করেন। মাজার প্রাঙ্গণে বিএনপি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীসহ ঢাকা–১২ আসনের দশ সহস্রাধিক মানুষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাইফুল হক। তিনি বলেন, ভোটাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে বেগম খালেদা জিয়ার দৃঢ় ও আপসহীন ভূমিকা স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে দেশের জনগণকে সাহস যুগিয়েছে এবং অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও গণতন্ত্র ও অধিকারের জন্য যারা সংগ্রাম করবেন, বেগম খালেদা জিয়া তাদের কাছে সাহসের বাতিঘর হয়ে থাকবেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, বিএনপির চেয়ারপারসন হিসেবে তারেক রহমান দক্ষতা ও প্রজ্ঞার সঙ্গে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে নেবেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ১ নম্বর সদস্য ও সাবেক ২৭ নম্বর ওয়ার্ড কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান, শাহ আলম, মোজাম্মেল হোসেন সেলিম, মনিরুল আলম রাহিমী, সেলিমুজ্জামান সেলিম, রিতা খানম। এ ছাড়া মহানগর উত্তর শ্রমিকদল, মহিলা দল, ছাত্রদল, তেজগাঁও থানা বিএনপি, শেরে বাংলা নগর, হাতিরঝিলসহ বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































