পে-স্কেল নিয়ে গভর্নরের মন্তব্য প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা

গত কয়েক মাস ধরে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন মহলে চলছে আলোচনা ও জল্পনা। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সম্প্রতি মন্তব্য করেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। তার মতে, বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না, যা যুক্তিযুক্তও।
গভর্নরের এ বক্তব্য প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বললেন,“পে-স্কেলে গভর্নরের কিছু নেই। গভর্নর ব্যাংক সংক্রান্ত বিষয়ে মতামত দিতে পারেন। পে-স্কেল সরকারের সিদ্ধান্ত।”
মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, 'পে কমিশনের কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে। বিভিন্ন পক্ষ থেকে কমিশনের কাছে মতামত ও প্রস্তাব দেওয়া হয়েছে। কেউ লিখিতভাবে, কেউ সরাসরি সাক্ষাৎ করে তাদের বক্তব্য তুলে ধরেছেন। সব দিক বিবেচনা করেই সুপারিশ তৈরি করা হচ্ছে।'
পে-স্কেলের অগ্রগতি নিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, 'পে স্কেলটা নিয়ে পে কমিশন কাজ করছে। একেবারে একদম থেমে নেই তারা। নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন তারা। আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। কী করছেন না করছেন সেটা আমাদের ব্যাপার না।'
বর্তমান সরকার নতুন পে-স্কেল বাস্তবায়ন করে যেতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, 'আশা করি কমিশনের রিপোর্ট.... কাল-পরশু কথা হবে। এখন ২১ জন মেম্বার, তারা সব কিছু বিচার বিশ্লেষণ করে, সেটার সঙ্গে সঙ্গে আবার জুডিশিয়ারির রিপোর্টটা আলাদা। আবার ডিফেন্সের জন্য একটা সাব কমিটি তো আছে।'
কবে নাগাদ এই প্রতিবেদন আসতে পারে এবং সরকার কী পদক্ষেপ নেবে, তা নিয়ে তিনি আরও বলেন, 'আপনারা ডেটটা যখন জানবেন কবে রিপোর্ট আসবে, তখনই জানবেন যে কীভাবে কি হবে, না হবে।'
সবশেষে তিনি যোগ করেন, 'আমি তো বললাম তো রিপোর্ট পেলেই তো বলবো। এখন ইমপ্লিমেন্টেশনের ব্যাপার হলো অন্য জিনিস। একটা সাবস্টেনটিভ কাজ হচ্ছে। এটা খুব ডিটেইল করতে হয়।'
এর আগে গত জুলাইয়ের শেষ দিকে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে ২৩ সদস্যবিশিষ্ট জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে বলা হয়, কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে ৬ (ছয়) মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন উপস্থাপন করবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































