বিশ্বকাপ ফাইনালের আগে কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে, হুমকির মুখে জনস্বাস্থ্য

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে রবিবার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। তবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচের আগে আয়োজকদের নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া, যা যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলের আকাশ ঢেকে ফেলেছে।
কানাডায় চলমান দাবানলের ধোঁয়ার প্রভাব নিউইয়র্ক ও আশপাশের এলাকায় বায়ুদূষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। ফলে বিশ্বকাপ ফাইনাল ঘিরে জনস্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জিউলিয়ানি জানিয়েছেন, জাতীয় আবহাওয়া পরিষেবার বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত নির্ধারিত সময়েই ফাইনাল আয়োজনের পরিকল্পনা রয়েছে।
কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত দেশটিতে ৮৮৮টি দাবানল সক্রিয় ছিল, যার বেশিরভাগই নিয়ন্ত্রণের বাইরে। শুধু অন্টারিও প্রদেশেই ১৯০টির বেশি দাবানল জ্বলছিল।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এই দাবানলের ধোঁয়ার প্রভাব বিশ্বকাপ ফাইনাল দেখতে আসা প্রায় ৮০ হাজার দর্শকের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থার সাবেক কর্মকর্তা ও বায়ুদূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রনি সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে নিউইয়র্কে একদিন বাইরে অবস্থান করে শ্বাস নেওয়া প্রায় ১০টি সিগারেট ধূমপানের সমপরিমাণ ক্ষতির কারণ হতে পারে।
নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আজ নিউইয়র্ক সিটিতে সারাদিন বাতাসে শ্বাস নেওয়া প্রায় ১০টি সিগারেট ধূমপানের সমান ক্ষতিকর হতে পারে।”
তার ব্যাখ্যায় বলা হয়, বায়ুর মান সূচক (একিউআই) অনুযায়ী প্রতি ২০ পয়েন্ট বৃদ্ধি প্রায় একটি সিগারেট ধূমপানের সমপরিমাণ স্বাস্থ্যঝুঁকির সঙ্গে তুলনীয়। বাতাসের অতিক্ষুদ্র দূষিত কণা ফুসফুস পেরিয়ে রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে এবং দীর্ঘমেয়াদে হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বকাপ ফাইনাল, বিরতি, সম্ভাব্য অতিরিক্ত সময় ও আনুষ্ঠানিকতা মিলিয়ে কেউ যদি প্রায় তিন ঘণ্টা খোলা পরিবেশে অবস্থান করেন, তাহলে তা প্রায় আড়াইটি সিগারেট ধূমপানের সমপরিমাণ ক্ষতির কারণ হতে পারে।
বর্তমানে নিউইয়র্ক অঞ্চলের বায়ুর মান সূচক ১৫১ থেকে ২০০-এর মধ্যে অবস্থান করছে, যা স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত।
এদিকে ফাইনাল ম্যাচটি ঘিরে নিরাপত্তা ও আয়োজনের প্রস্তুতিও জোরদার করা হয়েছে। ভিআইপি গ্যালারিতে উপস্থিত থাকার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এছাড়া তার আমন্ত্রণে ম্যাচ উপভোগ করতে আসবেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম।
মাঠের লড়াইয়েও রয়েছে বাড়তি উত্তেজনা। ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে স্পেন।
(ঢাকাটাইমস/১৮ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































