বন্যা-জলোচ্ছ্বাস মোকাবিলায় উপকূলে নতুন বেড়িবাঁধ নির্মাণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৬, ১৩:৪৯
অ- অ+

বন্যা, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় এলাকাকে আরও সুরক্ষিত করতে সরকার টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের জন্য যেসব খালের মুখ বন্ধ রয়েছে, সেখানে স্লুইস গেট নির্মাণ করা হচ্ছে। এর মাধ্যমে প্রয়োজন অনুযায়ী পানি দ্রুত নিষ্কাশন করা সম্ভব হবে। কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, লবণাক্ততা, প্রাকৃতিক দুর্যোগ ও সময়ের প্রভাবে অনেক ক্ষেত্রে বেড়িবাঁধ ও স্লুইস গেট ক্ষতিগ্রস্ত হয়। এসব অবকাঠামোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট বিভাগ নিয়মিতভাবে পালন করে আসছে।

সালাহউদ্দিন আহমদ জানান, স্লুইস গেট ব্যবস্থাপনায় সরকার নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে পানি উন্নয়ন বোর্ড সরাসরি স্লুইস গেটের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে না। পরিবর্তে স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা এ দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, এর ফলে প্রয়োজনের সময় দ্রুত স্লুইস গেট খুলে পানি নিষ্কাশন এবং প্রয়োজন অনুযায়ী গেট বন্ধ রেখে লবণাক্ত পানি প্রবেশ রোধ করা সহজ হবে। এতে স্থানীয় জনগণের দুর্ভোগ কমবে এবং স্লুইস গেট ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

এর আগে সকাল সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য ১০০টি ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দুই দিনের সফরে শুক্রবার কক্সবাজারে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সফরের প্রথম দিনে তিনি চকরিয়া উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

(ঢাকাটাইমস/১৮ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ, যা করতেন আতিয়ার
অভিমান করে ৬৪ হাজার টাকা ও খেলনা নিয়ে বাড়ি ছাড়ে শিশু, অতঃপর...
মিস ওয়ার্ল্ডে অংশ নেওয়া কে এই আনিকা মেরাজ
বিশ্বকাপ ফাইনালের আগে কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে, হুমকির মুখে জনস্বাস্থ্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা