সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
আজ শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে সরকারের দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসের কার্যক্রম, অর্জন, চলমান উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করে। এরপর থেকে নতুন মেয়াদের কার্যক্রম পরিচালনা করছে সরকার।
সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিশেষ গুরুত্ব বহন করছে।
(ঢাকাটাইমস/১৮ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































