উদ্ধার করেছে আনসার সদস্যরা
অভিমান করে ৬৪ হাজার টাকা ও খেলনা নিয়ে বাড়ি ছাড়ে শিশু, অতঃপর...

মাদারীপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নগদ ৬৪ হাজার ১২০ টাকা ও প্রিয় খেলনা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আট বছরের এক শিশু। নিখোঁজ হওয়ার এক দিন পর মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে উদ্ধার করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
পরে আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া অর্থসহ শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা মনির হোসেন। উদ্ধার হওয়া শিশুটি সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর গ্রামের বাসিন্দা সুমন জমাদ্দারের ছেলে।
জেলা হাসপাতাল ও উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার শিরখাড়া এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। পরদিন বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাদারীপুর সদর হাসপাতালের বহির্বিভাগে একা ঘোরাঘুরি করতে দেখে দায়িত্বরত আনসার সদস্য অন্তর মিয়া। পরে তিনি বিষয়টি হাসপাতাল আনসার ক্যাম্প ইনচার্জ মোখলেসুর রহমানকে জানান। আনসার সদস্যরা শিশুটির সঙ্গে কথা বলে তাকে নিজেদের হেফাজতে নেন।
পরে শিশুটির ব্যাগ তল্লাশি করে তার খেলনার পাশাপাশি নগদ ৬৪ হাজার ১২০ টাকা পাওয়া যায়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মনির হোসেনকে জানানো হয়। পরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তায় শিশুটির বাবা ও চাচার সঙ্গে যোগাযোগ করা হয়। একই সঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করা হয়।
শুক্রবার ভোরে পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া অর্থসহ শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শিশুটির বাবা সুমন জমাদ্দার বলেন, ছেলে নিখোঁজ হওয়ার পর পরিবারের সবাই উদ্বিগ্ন ছিলেন। আনসার সদস্যরা তাকে উদ্ধার করায় পরিবারে স্বস্তি ফিরে এসেছে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মনির হোসেন বলেন, শিশুটিকে তার সঙ্গে থাকা অর্থসহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































