রেলওয়ের টেন্ডার বিতর্কে যা বললেন জিকে শামীম

রেলওয়ের টেন্ডার ও বিজ্ঞাপনসংক্রান্ত সমালোচনার মধ্যে নিজের অবস্থান তুলে ধরেছেন জি.কে.বি. অ্যান্ড কোম্পানি (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এস এম গোলাম কিবরিয়া শামীম (জিকে শামীম)। একই সঙ্গে ক্যাসিনোকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগও আবারও অস্বীকার করেছেন তিনি।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জিকে শামীম বলেন, জামিনে মুক্ত হওয়ার পর তিনি মাত্র একবার রেল ভবনে গিয়েছিলেন। সরকারি কাজ উন্মুক্ত দরপত্রের (ওপেন টেন্ডার) মাধ্যমেই দেওয়া হয় এবং কোনো ব্যক্তির সুপারিশে কাজ নিশ্চিত হয় না বলেও মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, ক্যাসিনো ব্যবসার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। এ বিষয়ে কোনো প্রমাণ থাকলে তা প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন প্রমাণ দিতে পারলে তিনি ‘ফাঁসির কাষ্ঠেও ঝুলতে রাজি’।
জিকে শামীম আরও দাবি করেন, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর গ্রেপ্তারের সময় তার প্রতিষ্ঠানের প্রায় ৪ হাজার ৬০০ কোটি টাকার কাজ চলমান ছিল। দীর্ঘ ছয় বছর কারাগারে থাকার সময়ে তার প্রতিষ্ঠানের যন্ত্রপাতি লুট, চলমান প্রকল্প দখল এবং বিল আটকে দেওয়ার কারণে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, তিনি কখনো বিদেশে অর্থ পাচার করেননি এবং বিদেশে তার কোনো সম্পদও নেই। তার ভাষ্য, তার সব সম্পদ বৈধভাবে অর্জিত।
প্রসঙ্গত, ২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযানের সময় জিকে শামীম গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা হয়। সেসময় যুবলীগের তৎকালীন সভাপতি ওমর ফারুক চৌধুরী বলেছিলেন, তিনি কখনোই যুবলীগের কোনো কমিটিতে ছিলেন না এবং সংগঠনটির রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন না।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































