ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম এক কোটি ডলার ঘোষণা করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। বাংলাদেশি মুদ্রায় এই পুরস্কারের মূল্য প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকার সমান।
ইরানপন্থি এই সংগঠনটি গত বৃহস্পতিবার জানিয়েছে, ট্রাম্পকে হত্যা করতে পারলে যে ব্যক্তি বা গোষ্ঠী এ কাজ করবে, তাকে পুরস্কার হিসেবে এক কোটি ডলার দেওয়া হবে।
ট্রাম্পকে ‘অপরাধী’ হিসেবে উল্লেখ করে এক বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স বলেছে, তাদের সদস্য ও সমর্থকদের কাছ থেকে পাওয়া অনুদানের অর্থে এক কোটি ডলারের এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। সংগঠনটির দাবি, ট্রাম্পকে যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী হত্যা করবে, তারা এ অর্থ পাওয়ার যোগ্য হবে।
বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীদের খুঁজে বের করার প্রচেষ্টা চালিয়ে যাবে। স্বৈরাচারীরা কখনো শান্তি পাবে না। সম্মানিত মানুষের ক্ষোভ থেকে ওই অপরাধী (ট্রাম্প) নিরাপদ আশ্রয় খুঁজে পাবে না।’
ইসলামিক রেজিস্ট্যান্স আরও বলেছে, তাদের যোদ্ধাদের জন্য প্রতিশোধ নেওয়া একটি ‘বাধ্যতামূলক অঙ্গীকার’। বিবৃতিতে বলা হয়, ‘শহীদদের রক্ত অভিশাপ হয়ে অহংকারীদের সিংহাসন কাঁপিয়ে দেবে; যতক্ষণ না আগ্রাসনকারীরা পরাজিত হয় এবং স্বৈরাচারের দুর্গগুলো ধসে পড়ে।’
এদিকে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল–জাইদির সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ২০২০ সালে ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল–মুহান্দিস হত্যাকাণ্ডে তার ভূমিকা ছিল।
ট্রাম্পের এমন প্রকাশ্য বক্তব্য ভালোভাবে নেয়নি ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স। মূলত এরপরই সংগঠনটির পক্ষ থেকে ট্রাম্পের মাথার দাম ঘোষণা করা হয়।
তবে কোনো ব্যক্তির বিরুদ্ধে হত্যার আহ্বান বা পুরস্কার ঘোষণা আন্তর্জাতিক আইন ও নিরাপত্তার দৃষ্টিতে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এ ধরনের ঘোষণাকে ঘিরে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
(ঢাকাটাইমস/১৮ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































