রামপুরায় সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজধানীর রামপুরা এলাকা থেকে একাধিক মামলা ও সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. হাসান বেপারী (৩৪)। শনিবার (১৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুলাই) রাত প্রায় ৯টার দিকে রামপুরা থানার একটি দল থানার ই-ব্লকের ফরাজী হাসপাতালের সামনে অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় হাসান বেপারীকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদ এবং থানার রেকর্ড পর্যালোচনায় পুলিশ জানতে পারে, তার বিরুদ্ধে ডাকাতির চেষ্টার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় মোট পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়া শরীয়তপুরের জাজিরা থানায় তার বিরুদ্ধে দুটি সাজাপরোয়ানা মুলতবি রয়েছে।
ডিএমপি জানিয়েছে, জাজিরা থানার সাজা পরোয়ানার ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































