গাজায় জানাজার সময় বিমান হামলা, নিহত অন্তত ১২

ইন্টারন্যাশনাল ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৬, ১৬:৫০
অ- অ+

গাজা উপত্যকার নুসেইরাত এলাকায় একটি জানাজার সময় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। শুক্রবারের পৃথক কয়েকটি হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য নিউ আরব।

প্রতিবেদন অনুযায়ী, নুসেইরাতে ইসরায়েলি হামলায় নিহত এক ব্যক্তির জানাজা চলাকালে সেখানে আবারও বিমান হামলা চালানো হয়। এতে অন্তত আটজন নিহত এবং ২০ জন আহত হন। একই দিনে গাজার অন্য কয়েকটি এলাকায় পৃথক হামলায় আরও অন্তত তিনজন নিহত হন। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, শুক্রবার সারাদিনে নিহতের সংখ্যা অন্তত ১২ জনে পৌঁছায়।

নুসেইরাতের হামলাকে শোকাহত মানুষের ওপর চালানো ‘নৃশংস গণহত্যা’ বলে উল্লেখ করেছে হামাস। সংগঠনটি মধ্যস্থতাকারী দেশগুলো এবং জাতিসংঘের প্রতি গাজায় ইসরায়েলি হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইসলামিক জিহাদের একটি সেলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলায় অসংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ সম্পর্কে তারা অবগত এবং বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে বাহিনীটি।

এদিকে মধ্য গাজার দেইর আল-বালাহর পূর্বাঞ্চলের বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী ড্রোনের মাধ্যমে লাউডস্পিকারে এলাকা ছাড়ার নির্দেশ দেয়। এরপর অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছেড়ে যায়।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ১০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির পর বড় ধরনের সংঘর্ষ কমলেও প্রায় প্রতিদিনই গাজায় বিমান হামলা চালানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক রাজনৈতিক সহিংসতা পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির (ACLED) তথ্য অনুযায়ী, গত জুন মাসে গাজায় ৪০টির বেশি ইসরায়েলি বিমান হামলা হয়েছে। এসব হামলায় সীমান্তবর্তী এলাকাগুলোতেও নারী ও শিশুসহ বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ঘটেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিভিন্ন মানবাধিকার সংস্থা, বিশেষজ্ঞ এবং কয়েকজন বিশ্বনেতা এই অভিযানকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন। তবে ইসরায়েল এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

সূত্র: দ্য নিউ আরব

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
রোদে বের হলেই শরীরের রক্ত ঝরে, পানিতে কাটে ১০ বছরের আবু বকরের দিন
বাংলাদেশে উচ্চগতির রেল আনতে আগ্রহী চীন
মবের শাসনের বদলে আইনের শাসনে ফিরতে হবে: সাইফুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা