বগুড়ার সাতটি আসনে ৩৪ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

বগুড়ার সাতটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩৪ জন বৈধ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার (২১ জানুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর ১টা পরযন্ত দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের হাতে আসনভিত্তিক প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এ সময় তিনি প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নির্বাচন কমিশন সূত্র জানায়, বগুড়ার সাতটি সংসদীয় আসনের মধ্যে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে ৫ জন, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ৬ জন, বগুড়া-৩ (দুপচাচিয়া-আদমদীঘি) ৪ জন, বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) আসনে ৪ জন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ৫ জন, বগুড়া-৬ (সদর) আসনে ৬ জন এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বগুড়ার সাতটি সংসদীয় আসনে মোট ২৯ লাখ ৮১ হাজার ৬৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, বগুড়া ৭টি আসনের জন্য ৩৪জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে জেলা প্রশাসন সজাগ রয়েছে। নির্বাচনী মাঠে আমাদের অফিসাররা কাজ করবেন। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ফুটেজ বসানো হবে। বর্তমানে বগুড়ায় ভোটের পরিবেশ স্বাভাবিক রয়েছে।
বগুড়া পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন বলেন, নির্বাচনকে সামনে রেখে গুজব প্রতিরোধে সাইবার ইউনিটের মাধ্যমে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/২১জানুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































