উত্তরবঙ্গের ৩ জেলায় নির্বাচনি জনসভা আজ তারেক রহমানের

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলের তিন জেলায় নির্বাচনি সফর করবেন। প্রথমে তিনি ঠাকুরগাঁও, এরপর নীলফামারী এবং দিনাজপুরে জনসভা করবেন। জনসভা শেষে তিনি স্থানীয় নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন। দীর্ঘ ২৩ বছর পর তারেক রহমানকে সরাসরি দেখার অপেক্ষায় রয়েছে এ অঞ্চলের নেতাকর্মীরা।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকায় প্রথম জনসভা অনুষ্ঠিত হবে ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয়ের মাঠে। মহাসচিব মির্জা ফখরুল সেখানে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছানোর পর তারেক রহমান হেলিকপ্টারে জনসভা স্থলে যাবেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, ঠাকুরগাঁও-এর উন্নয়ন নিয়ে বিএনপির মহাসচিবের বেশ কিছু পরিকল্পনা রয়েছে, যা তারেক রহমানের আসার পর বাস্তবায়নে আরও সহজ হবে।
পুলিশ জানিয়েছে, নির্বাচনি সফরে আসা তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঠাকুরগাঁও থেকে নীলফামারীতে জনসভা শেষে তিনি দিনাজপুরের বিরামপুরে যাবেন, যেখানে তার মায়ের স্মৃতি সংরক্ষিত। প্রায় ২০ বছর পর তারেক রহমানকে কাছে দেখার জন্য ফেনীর নেতাকর্মীরা উদগ্রীব। তারা আশা করছেন, বিএনপি ক্ষমতায় এলে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, তারেক রহমানের নানার বাড়ি এই এলাকায়। তিনি এখানে আসার পর স্থানীয় উন্নয়নে ত্বরান্বিত কার্যক্রম শুরু হবে। গত ১৫ বছর ধরে এলাকার কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের প্রতি মানুষের যে ভালোবাসা রয়েছে, তা আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জনসভায় প্রমাণিত হবে।”
এর আগে চট্টগ্রাম, ফেনী, রাজশাহী, নওগাঁ, বগুড়া, গাজীপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, খুলনা, যশোরসহ দেশের বিভিন্ন জেলায় নির্বাচনি জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। এসব জনসভায় তিনি সংশ্লিষ্ট এলাকার জনগণের কাছে নিজের রাজনৈতিক ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান।
(ঢাকাটাইমস/৭ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































