ভোটের আগের রাতে ১১ দলীয় জোটকে টার্গেট করা হচ্ছে: আসিফ মাহমুদ

স্থানীয় প্রশাসন ও মিডিয়ার মাধ্যমে প্রভাবিত হয়ে ১১ দলীয় জোটকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দলটির বাংলামোটর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আসিফ অভিযোগ করেন, মিডিয়াতে একপাক্ষিক আচরণ দেখছি। আমাদের প্রার্থীদের ওপর হামলা, পোলিং এজেন্টদের হুমকি দেয়া হচ্ছে। টাকা উদ্ধারের নামে অনেককে ব্যক্তিগতভাবে হেনস্তা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও মিডিয়ার মাধ্যমে প্রভাবিত হয়ে ১১ দলীয় জোটদের টার্গেট করা হচ্ছে। মিস ইনফরমেশন ছড়িয়ে নেতিবাচক প্রভাব ফেলার চেষ্টা চলছে।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিরাপত্তা দেয়া হচ্ছে না উল্লেখ করে তিনি আরও বলেন, কেন্দ্র দখল নিয়ে যাতে তারা পদক্ষেপ না নিতে পারে তাই অসহযোগিতা করা হচ্ছে। তাদের নিরাপত্তা ও লজিস্টিক সাপোর্ট দিতে হবে।
গণমাধ্যমকে নিরপেক্ষ আচরণের আহ্বান জানিয়ে আসিফ বলেন, এবারের নির্বাচনের পর, যে মিডিয়াগুলো পপক্ষপাতিত্ব করছে তাদের ছাড় দেয়া হবে না, আমরা নোট রাখছি।
তিনি হুঁশিয়ার করে বলেন, এবার আর আগের মতো হবে না। নির্বাচনের আগে যদি পক্ষপাতিত্ব করেন তার জবাব ১২ ফেব্রুয়ারির পর দেয়া হবে।
সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন বলেন, ‘হান্নান মাসউদের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা করা হয়েছে। সারজিস আলমের গাড়ি বহরের ওপর হামলা করা হয়েছে। জামাত আমীরের নির্বাচনি বুথে হামলা করা হয়েছে। আমরা এটার নিন্দা জানাই। অভিযোগ করলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না।’
তিনি অভিযোগ করে বলেন, ‘কিছু প্রিজাইডিং অফিসারদের বিরুদ্ধে ধানের শীষের ভোট চাওয়ার কথা শুনছি। এসব কারণে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কীভাবে বলি? মেইনস্ট্রিম মিডিয়ার মাধ্যমে বিএনপির তৈরি প্রোপাগাণ্ডা প্রচার করা হচ্ছে।’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































