চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনা ঘটে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে। নিহত দুইজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আহতদের মধ্যে রয়েছেন চরবাগডাঙ্গা গ্রামের মো. বজলুর রহমান (২০), মো. মিনহাজ (২২) এবং রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মো. শুভ (২০)। স্থানীয়রা আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, আহতরা রাতে একটি বাড়িতে বোমা বানাচ্ছিলেন। হাতবোমা তৈরির সময় গ্যাস ও অন্যান্য বিপজ্জনক উপাদানের সংমিশ্রণে বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান। মরদেহ ছিন্নভিন্ন হওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয়রা চাঁপাইনবাগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওয়াসিম ফিরোজ আরও বলেন, যে বাড়িতে বোমা বানানো হচ্ছিল সে বাড়িটিও আংশিক ভেঙে গেছে এবং টিনের চালা উড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।স্থানীয়রা জানিয়েছেন, এমন ঘটনায় এলাকায় শঙ্কা ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।
(ঢাকাটাইমস/১৪ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































