মনোনীত হয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান, নেপথ্যে ৪১ বছর আগের কবিতা!

মনোনীত হয়েও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ পাননি কবি মোহন রায়হান। চার দশকের বেশি সময় আগে লেখা একটি কবিতাকে ঘিরে ওঠা অভিযোগের প্রেক্ষিতে শেষ মুহূর্তে তার পুরস্কার স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন এই কবি, আর সংস্কৃতি প্রতিমন্ত্রী জানিয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এগুলো যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।
বিষয়টি স্বীকার করে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ‘মোহন রায়হানের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে। তাই তাঁকে আপাতত পুরস্কার দেওয়া হয়নি। আমরা অভিযোগগুলো যাচাই করে দেখছি। সেগুলো বিবেচনার পর নিশ্চয়ই সিদ্ধান্ত দেওয়া হবে। একটু অপেক্ষা করতে হবে।’
আজ দুপুরে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ বিজয়ীদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত সোমবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়। এতে কবিতায় মোহন রায়হানের মনোনীত হওয়ার তথ্য জানানো হয় বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে।
পোস্টে মোহন রায়হান বলেন, ‘আপনারা অবগত আছেন, এবার ২০২৫ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার (কবিতায়) আমাকে প্রদান করা হয়েছিল। এই পুরস্কার আমার একদমই প্রত্যাশা ছিল না। আমি একজনের কাছেও পুরস্কারের জন্য তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে।’
৪১ বছর আগে লেখা কবিতার জন্য পুরস্কার বাতিল করার তথ্য উল্লেখ করে মোহন রায়হান বলেন, ‘গতকাল পুরস্কারপ্রাপ্তদের ডেকে এসএসএফ পুরস্কার গ্রহণের রিহার্সালও প্রদান করে। যথারীতি আজ পুরস্কার গ্রহণের জন্য এসে জানতে পারলাম, ৪১ বছর আগে কর্ণেল তাহেরকে নিয়ে লেখা আমার কবিতা ‘তাহেরের স্বপ্ন’ কবিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে একটি মহল আমার পুরস্কার বাতিল করিয়েছে।’
পুরস্কারের কথা ঘোষণা করেও তা না দেওয়া কবিকে অসম্মান করা কি না—এমন প্রশ্নের জবাবে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘মনোনয়ন আমরা দিই না। এটা বাংলা একাডেমি দেয়। আমরা এখন শুধু অভিযোগগুলো খতিয়ে দেখছি। এটা সাময়িক সমস্যা। দুয়েক দিনের মধ্যেই পুরস্কার ঘোষণা করা হতে পারে।’
কবি মোহন রায়হান জাতীয় কবিতা পরিষদের সভাপতি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































