নওগাঁয় শতাব্দীপ্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নওগাঁ জেলার পোরশা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩৭ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কয়েক শতাব্দী কিংবা হাজার বছরের পুরোনো গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক সম্পদ।
বৃহস্পতিবার নওগাঁ জেলার পুলিশ সুপার তারিকুল ইসলাম এসব তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা পুলিশ জানতে পারে যে, উপজেলার ১নং নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামের এক ব্যক্তির বাড়ির পশ্চিম পাশের পারিবারিক কবরস্থানের মধ্যে একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি পড়ে আছে।
পরবর্তীতে পুলিশের একটি দল রাত ১১টা ৫ মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। কবরস্থানের মাঝামাঝি স্থানে একটি আমগাছের নিচে পরিত্যক্ত অবস্থায় কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার একটি মূর্তি দেখতে পান তারা এবং বিধি মোতাবেক মূর্তিটি উদ্ধার করেন।
উদ্ধারকৃত মূর্তিটির উচ্চতা আনুমানিক ৫৬ ইঞ্চি এবং ওজন প্রায় ১৩৭ কেজি। উপস্থিত সাক্ষীদের সামনে মূর্তিটি জব্দ করা হয় এবং বর্তমানে তা পোরশা থানা হেফাজতে রাখা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, কষ্টিপাথরের এ মূর্তিটি অত্যন্ত প্রাচীন এবং তা গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পারে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































