পায়ুপথে বাতাস প্রবেশ করিয়ে ১২ বছরের শ্রমিককে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারী এলাকায় পায়ুপথে বাতাস প্রবেশ করিয়ে ১২ বছরের শ্রমিককে নৃশংসভাবে হত্যার মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিমকে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০,সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম।
তিনি জানান, বোয়ালমারীএ সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে আকিজ-বশির জনতা জুট মিলের শ্রমিক মো. সজিব ওরফে শরীফ (১২) কাজ শেষে কম্প্রেসার মেশিনের হাওয়াই পাইপ দিয়ে ধুলাবালি ও পাটের ময়লা পরিষ্কার করার সময় রিহাত শেখ ওরফে হাকিম এবং একজন সহযোগী তার পায়ুপথে কম্প্রেসার মেশিনের উচ্চচাপের বাতাস প্রবেশ করায়। এতে ভিকটিম গুরুতর আহত হয়ে পড়ে।
আহত সজিবকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। চিকিৎসকেরা জানান, অন্ত্রে একাধিক স্থানে ছিদ্র হওয়ায় অস্ত্রোপচারের পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় ভিকটিমের পিতা ঘটনার পর বোয়ালমারী থানায় এজাহার দায়ের করেন।
র্যাব জানায়, এ ঘটনা সংবাদ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এ বিষয়ে র্যাবের তাৎক্ষণিকভাবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত কার্যক্রম জোরদার করে এবং মাগুরা থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































