অটোরিকশা চুরির ঘটনায় মাঝরাতে সংঘর্ষে পুলিশসহ আহত ১৫, সড়ক অবরোধ

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮
অ- অ+

লক্ষ্মীপুরের রায়পুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনায় সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সন্দেহভাজন আটক চারজনকে পুলিশ থানায় নেওয়ার সময় এই সংঘর্ষ হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রাত দেড়টা পর্যন্ত লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক সড়কটি অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা। এ সময় সড়কে বাঁশ ও গাছের গুঁড়ি ফেলে িআগুন দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হায়দর আলী বেপারীবাড়ির শাহ আলম তার অটোরিকশা রাস্তার পাশে রেখে ইফতার করতে যান। এ সময় অটোরিকশাটি চুরি হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় চার সন্দেহভাজনকে আটক করা হয়। কিন্তু অটোরিকশা উদ্ধার হলেও ব্যাটারিগুলো পাওয়া যায়নি।

রাত সাড়ে আটটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক চারজনকে উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা করে। কিন্তু ব্যাটারি উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের ছাড়বে না বলে এলাকাবাসী জানায়। এ নিয়ে উত্তেজনা বাড়তে থাকে এবং একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে রায়পুর থানা পুলিশের সদস্য মোতালেব, শওকত, মঞ্জুর ও জাহিদসহ অন্তত ১৫ জন আহত হন। আহত পুলিশ সদস্যদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে চৈতাইল্যা দিঘির পাড় এলাকায় অবরোধ ও অগ্নিসংযোগ করে এলাকাবাসী। এতে সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ গিয়ে অবরোধ তুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রিকশাচালক শাহ আলম দাবি করেন, ব্যাটারি উদ্ধারের দাবিতে সন্দেহভাজনদের আটক রাখা হয়েছিল। পুলিশ তাদের নিয়ে যেতে চাইলে গ্রামবাসী বাধা দেয়। এতে সংঘর্ষের ঘটনা ঘটে, তাদের অন্তত ১০-১২ জন আহত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ৯৯৯-এ খবর পেয়ে মোবাইল টিম গিয়ে চারজনকে উদ্ধার করে নিয়ে আসার সময় ২০-৩০ জন ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এক এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন। আটক চারজন থানার হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমরা একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নয়: মির্জা ফখরুল
মার্কিন দূতাবাসের জরুরি নি‌র্দেশনা
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা