প্রজনন মৌসুম শেষে ২ মাস পর কাঁকড়া ধরতে সুন্দরবনে ফিরল জেলেরা

দীর্ঘ দুই মাসের নিষেধাজ্ঞার পর রবিবার (১ মার্চ) থেকে উপকূলীয় জেলেরা সুন্দরবনের নদ-নদীতে কাঁকড়া আহরণ শুরু করেছেন। বন বিভাগের অনুমতিপত্র অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত ২৩৫টি নৌকা ও ৭০৫ জন জেলে সুন্দরবনে প্রবেশ করেছেন।
বন বিভাগ জানায়, পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মোট ২,৯০০টি নিবন্ধিত নৌকা রয়েছে, যার মধ্যে ১,৬০০টি কাঁকড়া আহরণের জন্য ব্যবহৃত হয়। প্রতিটি নৌকায় তিনজন করে জেলে থাকার কারণে মোট নিবন্ধিত জেলের সংখ্যা ৪,৮০০।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, জানুয়ারি ও ফেব্রুয়ারি কাঁকড়ার প্রজনন মৌসুম হওয়ায় এই দুই মাস সুন্দরবনের নদ-নদীতে কাঁকড়া আহরণ নিষিদ্ধ ছিল। এ সময়ে প্রজননকে বাধামুক্ত রাখতে অবৈধভাবে কাঁকড়া আহরণে জড়িতদের বিরুদ্ধে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, আজ থেকে কাঁকড়া আহরণ উন্মুক্ত হওয়ায় জেলেদের মাঝে স্বস্তি ফিরেছে। আশা করা হচ্ছে, তারা নিরাপদে ও নিয়ম মেনে কাঁকড়া আহরণ করবেন।
(ঢাকা টাইমস/০১মার্চ/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































