ফরিদপুরে বাসে তল্লাশিতে ২২ কেজি গাঁজাসহ নারী আটক

ফরিদপুরের কোতয়ালী থানাধীন মুন্সিবাজার এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে আনুমানিক ৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের ২২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
আটককৃত নারীর নাম–তাসলিমা খাতুন (৪৬)। তার বাড়ি মাগুরা সদর উপজেলার ছয়চার এলাকায় বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
এদিন সন্ধ্যায় র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ দুপুরে
ফরিদপুর কোতয়ালী থানার মুন্সিবাজার এলাকায় চুইঝাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় ‘গোল্ডেন লাইন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং একজন নারীকে আটক করা হয়।
র্যাব জানায়, আটক তাসলিমা খাতুন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































