জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায়

পবিত্র ঈদুল ফিতরের একটি মাত্র জামাত সকাল সাড়ে ৮টায় ঢাকায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাতটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
সোমবার সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
মো. আব্দুস সালাম বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানবিচারপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এ ময়দানে নামাজ আদায় করবেন।
ভিআইপি ব্লকে পুরুষ ২৫০ জন ও নারী ৮০ জনের নামাজের ব্যবস্থা রয়েছে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, এখানে ৩৫ হাজার মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান।
প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, অজু, পয়োনিষ্কাশন ও সুপেয় পানির সুব্যবস্থা, সার্বক্ষণিক মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। এছাড়াও আলাদা প্রবেশ ও প্রস্থান গেট এবং নারী মুসল্লিদের জন্য আলাদা ব্লকে নামাজের ব্যবস্থা ও পৃথক প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































