২০০৬ সালের নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্য পাচ্ছেন জ্যেষ্ঠতাসহ চাকরিতে যোগদানের সুযোগ

২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ বাতিল হওয়া পুলিশ সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের আদেশ প্রত্যাহার করেছে সরকার। এর ফলে ওই নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সরকারি চাকরিতে যোগদানের সুযোগ পাচ্ছেন।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা–২ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০০৬ সালে নিয়োগের জন্য বাছাইকৃত সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)দের ২০০৭ সালে 'দলীয় বিবেচনায়' বাতিলকৃত নিয়োগ আদেশ প্রত্যাহারপূর্বক ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)-কে নিম্নলিখিত শর্তে সরকারি চাকরিতে নিয়োগ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়:
ক) ২০০৭ সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল না হলে আবেদনকারীগণ স্বাভাবিক নিয়মে যে তারিখে সরকারি চাকরিতে যোগদান করতেন, সেই তারিখ হতে তাদের ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা (আর্থিক সুবিধা ব্যতীত) নির্ধারণ।
খ) আবেদনকারীদের মৌলিক প্রশিক্ষণকাল ৬ মাসসহ শিক্ষানবিশকাল সর্বমোট দুই বছর নির্ধারণ।
গ) লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এ সংক্রান্ত বিধি-বিধান অনুসরণপূর্বক পরবর্তীতে বিবেচ্য ব্যাচের গ্রেডেশন তালিকা নির্ধারণ।
ঘ) এ আদেশে নিয়োগকৃত ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ছাড়াও একই ব্যাচের অন্য কোন প্রার্থী কর্তৃক ভবিষ্যতে চাকরি ফেরত পাওয়ার আবেদন পাওয়া গেলে, একই প্রক্রিয়া অনুসরণপূর্বক (গঠিত কমিটি কর্তৃক প্রার্থীর বৈধতা যাচাই এবং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা সাপেক্ষে) সরকারি চাকরিতে নিয়োগ প্রদান।
এতে আরও বলা হয়, ২০০৬ সালে নিয়োগের জন্য বাছাইকৃত সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টরদের [বর্তমানে আবেদনকৃত ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)] যথাযথ আইন ও বিধিবিধান অনুসরণপূর্বক পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































