সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুর, দিনাজপুর, বগুড়া ও ঝিনাইদহে আগাম ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের কয়েকটি জেলায় আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন কিছু মুসল্লি। চাঁদপুর, দিনাজপুর, বগুড়া ও ঝিনাইদহের বিভিন্ন এলাকায় পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
চাঁদপুর অর্ধশতাধিক গ্রামে ঈদ
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ প্রায় অর্ধশতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
এদিন সকাল ৯টায় সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবার শরীফের পীরজাদা আল্লামা জাকারিয়া চৌধুরী আল-মাদানী। সাদ্রা দরবার শরীফের পীরজাদা আরিফুল্লাহ চৌধুরী জানান, ১৯২৮ সাল থেকে তারা মুসলিম বিশ্বের সঙ্গে কয়েক ঘণ্টার ব্যবধানে ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং পবিত্র রমজানের রোজা পালন করে আসছেন। শুরুতে এসব ঈদের জামাতে লোকসমাগম কম থাকলেও বর্তমানে দেশের প্রায় প্রতিটি জেলায় এভাবে ঈদ উদযাপন করা হচ্ছে।
সাদ্রা দরবার শরীফের মুসল্লি মোনায়েম হোসেন বলেন, দীর্ঘ যাচাই-বাছাইয়ের পর আফগানিস্তান, মালি ও অন্যান্য স্থানে চাঁদ দেখার সংবাদ প্রশ্নবিদ্ধ ও সন্দেহজনক মনে হওয়ায় তা গ্রহণ করা হয়নি।
দিনাজপুরের ২০ গ্রামে ঈদ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলার দুইটি ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। শুক্রবার (২০ মার্চ) সকালে অনুষ্ঠিত এই জামাতে পুরুষদের পাশাপাশি নারী মুসল্লিরাও অংশ নেন।
সকাল সাড়ে ৮টায় জোতবানি ইউনিয়নের খয়েরবাড়ি-মির্জাপুর এলাকায় মেহেদী হাসান সুমনের আঙিনায় এবং একই সময়ে বিনাইল ইউনিয়নের আয়ড়া মাদ্রাসা মাঠে দুটি পৃথক জামাত অনুষ্ঠিত হয়। আয়ড়া মাদ্রাসা মাঠে ইমামতি করেন আল আমিন এবং খয়েরবাড়ির জামাতে ইমাম ছিলেন দোলোয়ার হোসেন।
দুই জামাতে মিলিয়ে দুই শতাধিক নারী-পুরুষ মুসল্লি অংশগ্রহণ করেন। আশপাশের বিভিন্ন গ্রাম থেকে মুসল্লিরা ভ্যান, সাইকেল ও মোটরসাইকেলে করে নামাজে অংশ নিতে আসেন। সম্ভাব্য কোনো বিশৃঙ্খলা এড়াতে বিরামপুর থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের বিষয়ে খয়েরবাড়ি জামাতের ইমাম মো. দোলোয়ার হোসেন কাজী বলেন, ‘সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা।
এই ব্যবধানে দিনের পরিবর্তন হয় না, তাই আমরা তাদের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করি।’
তিনি আরো জানান, ১৯৯৭ সাল থেকে এভাবে ঈদের নামাজ আদায়ের পরিকল্পনা থাকলেও ২০১৩ সাল থেকে নিয়মিতভাবে সৌদির সঙ্গে মিল রেখে নামাজ আদায় করা হচ্ছে।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, ‘উপজেলার জোতবানি ও বিনাইল ইউনিয়নে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ মোতায়েন ছিল।
বগুড়ায় ৩ উপজেলায় ঈদ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বগুড়ার বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে আজ শুক্রবার। এদিন সকালে জেলার গাবতলী, ধুনট ও সোনাতলা উপজেলার পৃথক তিনটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে নারী ও শিশুসহ অন্তত দেড় শতাধিক মুসল্লি অংশ নেন।
সকাল সাড়ে আটটায় গাবতলী রেল স্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি করেন লালমনিরহাটের পাটগ্রাম আজোয়ারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা লাইলাতুল কদর। এই জামাতে প্রায় অর্ধশতাধিক মুসল্লি অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাবতলীতে এটি ছিল তৃতীয়বারের মতো আগাম ঈদের জামাত।
অন্যদিকে, ধুনট উপজেলার হাশুখালী গ্রামে এবং সোনাতলার কালাইহাটা গ্রামে সকাল সাড়ে সাতটায় ঈদের নামাজ আদায় করেন স্থানীয় কয়েক বাড়ির মুসল্লিরা।
সোনাতলার কালাইহাটা দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে ইমামতি করেন মো. শামীম হোসেন এবং বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন ঈদগাহ মাঠে ইমামতি করেন মো. আব্দুল আলীম।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। জামাতগুলোতে পুরুষদের পাশাপাশি নারী ও শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অপ্রীতিকর ঘটনা এড়াতে এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
আগাম ঈদ উদ্যাপন প্রসঙ্গে লালমনিরহাটের পাটগ্রাম আজোয়ারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা লাইলাতুল কদর জানান, পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে রোজা রাখা এবং ঈদ করা নিয়ম। সেই ধর্মীয় বিশ্বাস থেকেই তারা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে ঈদ পালন করছেন। তারা সব মুসলমানদের একই দিনে রোজা ও ঈদ উদ্যাপনের আহ্বান জানান।
গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন জানান, বেশ কিছু মুসল্লি তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আজ ঈদুল ফিতর উদ্যাপন করছেন। গাবতলীসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহে ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন কয়েকটি গ্রামের মুসল্লিরা। শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা শহরের ফুটবল মাঠ এলাকায় ঈদের নামাজ আদায় করা হয়। এতে ইমামতি করেন মাওলানা হাবিবুল্লাহ।
মুসল্লিরা জানান, সৌদি আরবের সঙ্গে মিলে রেখে তারা ২০০৫ সাল থেকে ঈদ জামাতের আয়োজন করে আসছেন।
এবারও উপজেলার দখলপুর, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, পারফলসী, পায়রাডাঙ্গা, শৈলকুপার আসাননগর এলাকা থেকে অন্তত শতাধিক মুসল্লি এ ঈদের নামাজ আদায় করেন।
(ঢাকাটাইমস/২০ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











